বর্তমান পরিপ্রেক্ষিত

চাকতি নিক্ষেপে জাতীয় পর্যায়ে তৃতীয়, হাবিবা খাতুনকে বিদ্যালয়ের সংবর্ধনা

By Meherpur News

February 02, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার জে টি এস (জোড়পুকুরিয়া, তেরাইল, ষোলটাকা) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন চাকতি নিক্ষেপে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার সকালে তেরাইল জোয়ার্দার পাড়া থেকে ছাদখোলা জিপে করে মোটর শোভাযাত্রার মাধ্যমে হাবিবা খাতুনকে বিদ্যালয়ে আনা হয়। এ সময় তাকে ফুলের মালা পরানো হয় এবং পথচারীরা হাত নেড়ে শুভেচ্ছা জানান। শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে হাবিবাকে বরণ করে নেয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।

উল্লেখ্য, হাবিবা খাতুন গাংনী উপজেলা ও মেহেরপুর জেলা পর্যায়ে চাকতি নিক্ষেপে প্রথম স্থান অর্জন করে খুলনা অঞ্চল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন। এরপর তিনি খুলনা অঞ্চল পর্যায়ে প্রথম হয়ে খুলনা ও বরিশাল বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করেন। এর ধারাবাহিকতায় দিনাজপুরে অনুষ্ঠিত ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান লাভ করেন।