মেহেরপুর নিউজ:
রশিদ বই ছাপিয়ে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে চাঁদা তোলার প্রতিবাদ করায় মেহেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে খারাপ আচরন ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ কয়েকজন । মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রশিদ বই ছাপিয়ে মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ অনিক পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য সরকারী কলেজের ক্লাসে গিয়ে ছাত্রদের কাছ থেকে চাঁদা তোলার সময় সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ অনিক কলেজের বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে।
এ ব্যাপারে সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন বলেন, মেহেরপুর সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে ৮টি অনার্স কোর্স চালু আছে, মাস্টার্স কোর্স চালু আছে। এখানে বর্তমানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস চলমান রয়েছে। এবং ক্লাসের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক। আমাদের শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন। একই সাথে বিভিন্ন বিভাগে ইনকোর্স চালু আছে। আগামী ১৩ তারিখ থেকে আবার শীতকালীন ছুটি শুরু হবে। এর মধ্যে কিছু ছাত্র, সকলে নয়। কিছু সংখ্যক ছাত্র যারা কলেজের অনুমতি না নিয়ে বা একাডেমিক কাউন্সিলের অনুমতি না নিয়ে আমাদের নতুন প্রিন্সিপাল যোগ দিয়েছেন তার অনুমতি না নিয়ে মেহেরপুর সরকারি কলেজ আয়োজিত পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে ক্লাসে ক্লাসে টাকা তুলে বেড়াচ্ছে।
রীতিমতো রশিদ বই ছাপিয়ে আড়াইশো টাকা করে চাঁদা তোলা হচ্ছে। মেহেরপুর সরকারি কলেজ একটি আইনী প্রতিষ্ঠান,এটি একটি সরকারি প্রতিষ্ঠান, এখানে একটি অ্যাডমিনিস্ট্রেশন চালু আছে। এখানে একাডেমিক কাউন্সিল আছে। স্ট্রাফ কাউন্সিল আছে। তাদের অনুমতি ছাড়া একটি সরকারি প্রতিষ্ঠানের নাম ভানিয়ে টাকা তোলা যায় নাকি।