বর্তমান পরিপ্রেক্ষিত

জনগণের সহযোগিতায় আজকের অবস্থান, মেহেরপুরকে মাদক ও চাঁদাবাজমুক্ত করা হবে: এমপি তাজ উদ্দিন খান

By Meherpur News

February 20, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান বলেছেন, “আপনারা আজ আমাকে অনেক বড় কিছু মনে করছেন। আসলে আপনাদের সহযোগিতা নিয়েই আমি আজ এই স্থানে পৌঁছেছি। এখন আপনাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করাই আমাদের দায়িত্ব।”

শুক্রবার দুপুরে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে মেহেরপুরে পৌঁছে সদর উপজেলার আমঝুপিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের প্রাক্কালে আমরা যে ইশতেহার ঘোষণা করেছিলাম, তা বাস্তবায়নে কাজ করবো। এখন পবিত্র মাহে রমজান মাস—এ মাসে সবার উচিত বেশি বেশি মসজিদমুখী হওয়া এবং আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রাখা।”

মাওলানা তাজ উদ্দিন খান আরও বলেন, “আমরা বলেছিলাম মেহেরপুরকে মাদকমুক্ত করবো, চাঁদাবাজমুক্ত করবো। সেই লক্ষ্যে কাজ শুরু হবে।”

সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, “সংস্কার বাস্তবায়ন হলে জনগণের ক্ষমতা জনগণের কাছে চলে যাবে। কিন্তু বাস্তবে এখনো জনগণের ক্ষমতা জনগণের কাছে যায়নি। আপনারা লক্ষ্য করেছেন, ক্ষমতা গ্রহণের পরপরই একজন ভোক্তা কর্মকর্তা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তাকে হুমকি দেওয়া শুরু হয়েছে। জনগণের ক্ষমতা সত্যিকার অর্থে জনগণের কাছে গেলে এ ধরনের হুমকি-ধামকি আর থাকবে না।”

তিনি সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।