বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

September 24, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রী, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রী, একই প্যাকেটের মধ্যে ভালো ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করে বিক্রী করার অপরাধে ২ প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজারে এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে হোটেল বাজারের মেসার্স পল্টু ফার্মেসিতে তদারকি করা হয়। তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রী, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রী, একই প্যাকেটের মধ্যে ভালো ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করে বিক্রী করার অপরাধে প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে এর আগে মেসার্স পপি ফার্মেসিতে তদারকি করা হয়। সেখানেও একই অপরাধ করার প্রমাণ পাওয়া যায়। এবং প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে একই আইনের একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সবাইকে সতর্ক করা হয়। অভিযান চলাকালে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম।