বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় প্রাঃ বিঃ ফুটবল টুর্নামেন্টে সেমিতে মেহেরপুরের শোলমারী সঃ প্রাথমিক বিদ্যালয়

By Meherpur News

May 18, 2026

মেহেরপুর নিউজ:

জাতীয় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খুলনা বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে মেহেরপুর সদর উপজেলার শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। বাগেরহাট জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় মেহেরপুর জেলা চ্যাম্পিয়ন শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বাগেরহাট জেলা দলকে পরাজিত করে। খেলায় একমাত্র ও জয়সূচক গোলটি করেন দলের খেলোয়াড় সুরভী।

খেলার শুরু থেকেই মেহেরপুরের মেয়েরা আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সুরভীর গোলে এগিয়ে যায় দলটি। এরপর শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দলের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও ক্ষুদে ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন।