বর্তমান পরিপ্রেক্ষিত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

September 20, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মেয়াদ উত্তীর্ণ চকলেট, শিশুখাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে ২ টি প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ২২ হাজার টাকা জরিমানা করা সহ জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ পণ্য জনসম্মুখে নষ্ট করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুরে গাংনীতে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স বন্ধু সবজি ভান্ডার নামক প্রতিষ্ঠানে এর ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে এর আগে গাংনী থানা সড়কে মেসার্স ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ চকলেট, শিশুখাদ্য ও অন্যান্য পণ্য জব্দ করা হয়।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মুল্য বিহীন পন্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান সহ গাংনী র‍্যাব-৬ এর সদস্যরা উপস্থিত ছিলেন।