মেহেরপুর নিউজঃ
চাঁদাবাজির মামলায় জামিন পাওয়ার পর আবারও চাঁদাবাজির চেষ্টা করতে গিয়ে এবার স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয়ে সরকারি অফিসে চাঁদা দাবির অভিযোগে আব্দুর রউফ নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ারবিববার মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কয়েকটি সেলফি প্রকাশ করেন আব্দুর রউফ। এরপর থেকে সেই ছবি দেখিয়ে নিজের প্রভাব ও ক্ষমতা জাহির করে বেড়াতে শুরু করেন। রমজান মাসের শুরু থেকে অফিসের প্রধান সহকারী মোশারফ হোসেন ও পরিসংখ্যানবিদ আকরাম হোসেনকে ফোন এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন তিনি। রোববার সকালে সরাসরি অফিসে এসে আবারও টাকা দাবি করলে অফিসের কর্মচারীরা তাকে আটক করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রউফকে আটক করে সদর থানায় নিয়ে যায়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন বলেন, “রমজান মাসের শুরু থেকেই আব্দুর রউফ নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় ও সাংবাদিক পরিচয় দিয়ে ফোন ও হোয়াটসঅ্যাপে বারবার হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করছিলেন। রোববার সকালে অফিসে এসে একই দাবি করলে তাকে হাতেনাতে আটক করা হয়।” মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, “আমি যখন অফিসে থাকি না, সেই সময়টা বেছে নিয়েই আব্দুর রউফ বারবার আমার অফিসে আসতেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমার অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। একই সঙ্গে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আমি লিখিত আবেদন করব।” মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “চাঁদাবাজির চেষ্টার অভিযোগে আব্দুর রউফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে চাঁদা দাবির ঘটনায় তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে।” এর আগে গত বছর গাংনী উপজেলার বাঁশবাড়িয়ায় চাঁদা আদায় করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং কয়েক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এ ছাড়া ২০২৪ সালের ২৮ এপ্রিল মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে ব্ল্যাকমেইলের চেষ্টা করলে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগেও একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের মুখে পড়েছিলেন আব্দুর রউফ।