বর্তমান পরিপ্রেক্ষিত

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা

By মেহেরপুর নিউজ

December 20, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে অস্বাস্থ্যকর প্রক্রিয়ার খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ জিনিস ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি অভিযোগ ৩ প্রতিষ্ঠান মালিকের ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলা চৌগাছা ও সাহারবাটি গ্রামে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদের নেতৃত্বে চৌগাছা মেসার্স স্বপছোয়া বেকারি নামক প্রতিষ্ঠানে তদারকিতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ার খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ জিনিস ব্যবহার ও মেয়াদ, মুল্য ওজন, ইত্যাদি অর্থাৎ মোড়কীকরণ বিধি অমান্য করায় প্রতিষ্ঠানটির মালিক মো: নাহারুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই দিন সাহারবাটি বাজারে মেসার্স জেরিন ফার্মেসীতে অভিযানে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: জয়নাল আবেদিনকে ৫১ ধারায় ৫ হাজার টাকা এবং মেসার্স আরাফাত মিষ্টান্ন ভান্ডারের মালিক মো: রাজুকে ৩৭ ও ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো: মশিউর রহমান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।