বর্তমান পরিপ্রেক্ষিত

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মেহেরপুরে জেলা প্রশাসকের পরিদর্শন

By Meherpur News

April 06, 2026

মেহেরপুর নিউজঃ জনস্বার্থে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে তদারকি কার্যক্রম জোরদার করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক। এরই অংশ হিসেবে সোমবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় মেহেরপুর শহরের কলেজ মোড় সংলগ্ন মেহেরপুর ফিলিং স্টেশন সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ফিলিং স্টেশনে সংরক্ষিত জ্বালানি তেলের মজুদ, বিক্রয় কার্যক্রম এবং মজুদ রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

এসময় জেলা প্রশাসক ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করা এবং কোনো প্রকার অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি ভোক্তাদের সাথেও এ বিষয়ে কথা বলেন। পরিদর্শনকালে মিরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদ উপস্থিত ছিলেন।