বর্তমান পরিপ্রেক্ষিত

ঝড়ে গাছের ডাল ভেঙে নিহত আলফাতুন নেছার দাফন সম্পন্ন

By Meherpur News

April 19, 2026

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের আলফাতুন নেছা (৫৫) ঝড়ে ভেঙে পড়া গাছের ডালের চাপায় নিহত হওয়ার পর তার দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার সকালে ফতেপুর গ্রামে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। তিনি ওই গ্রামের কালু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঝড় শুরু হলে আলফাতুন নেছা বাড়ির পাশের তামাক ঘরে আগুন জ্বালাতে যান। এ সময় প্রবল ঝড়ে একটি ইপিল-ইপিল গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, তার মৃত্যুর খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন পরিবারের পাশে দাঁড়ায়। রবিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি শুকনা খাবার ও একটি কম্বল বিতরণ করা হয়।