বর্তমান পরিপ্রেক্ষিত

ঝাউবাড়িয়া সত্যসন্ধ্য ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে কামদেবপুর সীমান্ত ক্লাব চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

October 29, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্যসন্ধ ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সত্যসন্ধ্য ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর সীমান্ত ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার ঝাউবাড়িয়ার সত্যসন্ধ্যা ক্লাব মাঠে ফাইনাল খেলায় কামদেবপুর সীমান্ত ক্লাব টাইব্রেকারের ৪-১ গোলে গাংনী উপজেলার হিজলবাড়িয়া সোনালী ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে দুটি দলই সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় বিজয়ী দলের পক্ষে তপু,সাদ্দাম,আরিফ ও স্বাধীন ১ টি করে গোল করেন। হিজলবাড়িয়ার পক্ষে তানভীর একটি মাত্র গোল করেন। দলের প্রান্ত ও রিপনের কিক কামদেবপুরের গোলরক্ষক বিদ্যুৎ আটকে দেন।

এর আগে খেলা শেষ হওয়ার ১০ মিনিট কামদেবপুরের হাসিব হাত দিয়ে গোল করার অপরাধে তাকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। বাকি সময়ে তাদের ১০ জন নিয়ে খেলতে হয়। খেলায় বিজয়ী দলের গোলরক্ষক বিদ্যুৎ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। ঝাউবাড়িয়া সত্য সন্ধ ক্লাবের সভাপতি আশরাফুল আলম রবির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, সত্যে সন্ধ ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে টুর্নামেন্ট কমিটির সদস্য জুনায়েদ সজিব, মামলত জোয়ারদার,মমিনুল হাসান টুটুল, শামিমুজ্জামান, সজীব,শাহাবুদ্দিন বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন রিয়ান। তাকে সহযোগিতা করেন ফারহা হোসেন লিটন ও কামাল হোসেন মিন্টু।