বর্তমান পরিপ্রেক্ষিত

টাইব্রেকারে জয়, জেলা ফাইনালে মেহেরপুর পৌর একাদশ

By Meherpur News

May 02, 2026

মেহেরপুর নিউজ : মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ ফুটবল (বালক) প্রতিযোগিতায় জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে মেহেরপুর পৌর একাদশ।

শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পৌর একাদশ টাইব্রেকারে ৩-২ (১-১) গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

খেলার প্রথমার্ধের ১৩ মিনিটে সদর উপজেলা একাদশ পেনাল্টি পেলেও সিয়ামের দুর্বল শট দারুণ দক্ষতায় রুখে দেন পৌর একাদশের গোলরক্ষক রাহুল। তবে এর মাত্র তিন মিনিট পরই মাঝমাঠ থেকে নেওয়া সিয়ামের দারুণ কোনাকুনি শটে এগিয়ে যায় সদর উপজেলা একাদশ।

ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা যোগ হয়। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র এক মিনিট আগে পৌর একাদশের আদনান গোল করে দলকে সমতায় ফেরান।

এরপর টাইব্রেকারে পৌর একাদশের হয়ে সাজিদ, পাপ্পু ইসলাম ও রুহানি সফলভাবে গোল করেন। অন্যদিকে সদর উপজেলা একাদশের পক্ষে সিয়াম ও আমির হামজা একটি করে গোল করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এ জয়ের মাধ্যমে মেহেরপুর পৌর একাদশ জেলা পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়।