জাতীয় ও আন্তর্জাতিক

ড. মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র-ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

By Enayet Akram

April 11, 2026

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার সহধর্মিণীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে তার বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সাতটি দেশের রাষ্ট্রদূত অংশ নেন।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলরও উপস্থিত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাসস

কূটনৈতিক এ আয়োজনে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনারসহ কয়েকটি দেশের প্রতিনিধিগণ অংশ নেন।

এছাড়া দেশের তিনজন শীর্ষ শিল্পপতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা হলেন- প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, হামিম গ্রুপের চেয়ারম্যান এমডি আবুল কালাম আজাদ এবং এলিট পেইন্ট গ্রুপের চেয়ারম্যান রাজউক সিরাজ।

বিষয়টি নিশ্চিত করে ড. আবদুল মঈন খান বাসস’কে জানান, নৈশভোজ শেষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, অর্থনীতি, বৈদেশিক কূটনীতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বৈশ্বিক জ্বালানি ইস্যু, গণতন্ত্র, উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

এছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিনিয়োগ পরিবেশ, গণতন্ত্রের অগ্রযাত্রা, সুশাসন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও খোলামেলা মতবিনিময় করেন কূটনীতিকগণ।