বর্তমান পরিপ্রেক্ষিত

তাওহীদা রিফা রচনা প্রতিযোগিতায় জাতীয় ভাবে পুরস্কৃত

By মেহেরপুর নিউজ

December 21, 2021

মেহেরপুর নিউজ:

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী তাওহীদা রিফা সারা দেশের ৫০ জনের মধ্যে পুরস্কৃত হয়েছেন।

মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পর্যায়ে বিজয়ী ৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়। খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল পর্যায়ের সারা দেশের সেরা ৫০ জনকে পুরস্কৃত করেন। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম সহ কুষ্টিয়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। গত নভেম্বর মাসে অনলাইনের মাধ্যমে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাওহীদা রিফা উপজেলা, জেলা এবং খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করার পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫০ জনের মধ্যে স্থান করে নেন।

তাওহীদা রিফা মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী। এবং মেহেরপুর শহরের বোষ পাড়ার তবিয়ত তাহিদ ও হাসিবা খাতুনের কন্যা। এদিকে তাওহীদা রিফা জাতীয় পর্যায়ে সেরা ৫০ এ স্থান পাওয়ায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীন, উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল সহ জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।