ডেস্ক রিপোর্ট,০২ আগস্টঃ রাজধানীর গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়া হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরী এবং ব্লগার হত্যায় সন্দেহভাজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হককে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার নাম, পরিচয় গোপন রাখা হবে।
মঙ্গলবার পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ কথা বলেন।
আইজিপি শহীদুল হক সাংবাদিকদের বলেন, গুলশান, শোলাকিয়া ও কল্যাণপুরের হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ, সার্বিক অর্থায়ন সবকিছুর সঙ্গেই তামিম চৌধুরী জড়িত। তাঁর বাবার নাম শফিক আহমেদ। মায়ের নাম খালেদা শফি চৌধুরী। বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়গ্রামফাদিমাপুরে। জন্ম ১৯৮৬ সালের ২৫ জুলাই। ২০১৩ সালের ৫ অক্টোবর তামিম সর্বশেষ দুবাই থেকে বাংলাদেশে আসেন। তিনি এখন দেশে না বিদেশে আছেন তা স্পষ্ট নয়।
ব্লগার হত্যায় সন্দেহভাজন বরখাস্তকৃত সেনাকর্মকর্তা জিয়াউলের হকের পুরো নাম সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক। তাঁর বাবার নাম সৈয়দ মোহাম্মদ জিল্লুল হক। বাড়ি মৌলভীবাজারের মোস্তফাপুরে। সর্বশেষ ব্যবহৃত বর্তমান ঠিকানা পলাশ, মিরপুর সেনানিবাস, ঢাকা।
কানাডার পত্রিকা ন্যাশনাল পোস্ট এই মাসের শুরুতে প্রকাশিত খবরে বলেছে, আইএসের (ইসলামিক স্টেট) কথিত ‘বাংলার খিলাফত দলের প্রধান’ শায়খ আবু ইব্রাহিম আল-হানিফ বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক। তাঁর প্রকৃত নাম তামিম চৌধুরী। তিনি কানাডা থেকে বাংলাদেশে চলে গেছেন। এর আগে গত ১৩ এপ্রিল অনলাইনে প্রকাশিত আইএসের নিজস্ব সাময়িকী দাবিক-এর ১৪ তম সংখ্যায় আইএসের কথিত বাংলাদেশ প্রধান শায়খ আবু ইব্রাহিম আল-হানিফের দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করা হয়। তাতে বলা হয়, কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশে শক্ত ঘাঁটি করতে চায় আইএস। ‘নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও সমর্থনপুষ্ট অন্যান্য সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে সহায়তা ও প্ররোচনা’ দেওয়ার অভিযোগে তামিম চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ধারণা, জিয়া এই জঙ্গিগোষ্ঠীর সামরিক শাখার দায়িত্ব নেওয়ার পর ২০১৫ সালে সবচেয়ে বেশি ব্লগার হত্যা ও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা এত বেশি নিখুঁতভাবে হয় যে ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে। কর্মকর্তাদের ধারণা, নতুন নেতৃত্ব আসার পর আনসারুল্লাহ ‘আনসার আল ইসলাম’ নাম ধারণ করেছে।