মেহেরপুর নিউজ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা ও পৌর ইমাম পরিষদের উদ্যোগে এবং মেহেরপুর নিউজের সহযোগিতায় “কুরআন-সুন্নাহর আলোকে ধারাবাহিক আলোচনা: মাহে রমজানের ডাক” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের থানাপাড়া মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “তারাবির নামাজের রাকাত সংখ্যা” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া মডেল মাদ্রাসার পরিচালক মুফতি সামিউল হক।
তিনি কুরআন ও সহিহ হাদিসের আলোকে তারাবির নামাজের ফজিলত, রাকাত সংখ্যার ভিন্নমত এবং সাহাবায়ে কেরামের আমলের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, তারাবি নামাজ মূলত নফল ইবাদত হলেও এর গুরুত্ব ও সওয়াব অপরিসীম। মুসল্লিদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে ইবাদতে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রেদওয়ান। এছাড়া গজল পরিবেশন করেন মোহাম্মদ আরাফাত, যা উপস্থিত মুসল্লিদের মাঝে আধ্যাত্মিক আবহ তৈরি করে।
অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন এবং রমজানের তাৎপর্য নিয়ে এমন ধারাবাহিক আয়োজনকে স্বাগত জানান।