বর্তমান পরিপ্রেক্ষিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

By Meherpur News

February 11, 2026

মেহেরপুর নিউজ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এসময় তিনি ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্স সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সকলকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রত্যেক সদস্যের করণীয় ও বর্জনীয় বিষয়ে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি আরও জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচনে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন র‍্যাব কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) আসিফ রেজা প্রমুখ।