মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুলাই: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও হত্যা সহ একাধিক মামলার আসামী বাহিনী প্রধান মেহেরপুর জেলার ধলা গ্রামের মৃত আতাউর রহমান এর ছেলে মিনহাজ উদ্দীন ওরফে দুখু কে ফেন্সিডিল সহ আটক করেছে ভারতীয় পুলিশ। আটক দুখুর বিরুদ্ধে অপহরণ, ডাকাতি, বিস্ফোরক, মাদকসহ ৩০ টির মতন মামলা রয়েছে বলে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। করিমপুর থানা পুলিশ ও দুখুর পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার রাত পৌনে ১২ টার দিকে ভারতের করিমপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী দুখু বাহিনীর প্রধান দুখুকে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মল্লিক ও সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, সন্ত্রাসী দুখুর নামে মেহেরপুর ও গাংনী থানায় একাধিক হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ ৩০ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ ভারতে পলাতক রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে,আটক দুখুকে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার জন্য তৎপরতা শুরু করা হয়েছে।