মেহেরপুর নিউজঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে (৫৩) গ্রেফতার দেখিয়েছেন আদালত। রবিবার (১ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার ফরহাদ হোসেনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম সংস্থার পক্ষে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ফরহাদ হোসেন অবৈধভাবে এক কোটি ১১ লাখ ৮৬ হাজার ২৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
দুদক জানায়, ফরহাদ হোসেন বর্তমানে অন্য একটি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। জামিনে মুক্তি পেলে তিনি আত্মগোপনে যেতে বা বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো জরুরি ছিল।
এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাবন্দি রয়েছেন।