মেহেরপুর নিউজ:
গণশুনানিতে আর্জি জানিয়েছিলেন একটি সেলাই মেশিন হলে অসুস্থ স্বামীকে নিয়ে সংসারে দুমুঠো ভাতের ব্যবস্থা করতে পারবেন।
মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর শহরের বড় বাজার এলাকার রিক্তা খাতুনের ওই আবেদনের প্রেক্ষিতে রিক্তা খাতুন কে একটি শিলাই মেশিন প্রদান করলেন। বৃহস্পতিবার সকালের দিকে জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান রিক্তা খাতুনের হাতে সেলাই মেশিনটি তুলে দিলেন।
রিক্তা খাতুন মেহেরপুর বড় বাজার এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। জানা গেছে পেশায় চালক জাহাঙীর কিছুদিন পূর্বে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। সংসারের একমাত্র উপার্জনক্ষম জাহাঙ্গীর আলম অসুস্থ থাকার কারণে রিক্তার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল।
গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণ শুনানি চলাকালে তার অভাবের কথা জানান, জেলা প্রশাসক তাকে সহযোগিতার আশ্বাস দেন, সে মতে জেলা প্রশাসক ড,মোহম্মদ মুনসুর আলম খান মেশিনটি তুলে দেন।সেলাই মেশিন প্রদানের সহযোগিতা করেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর।