রাজনীতি

দেশ ও মানুষ বাঁচানোর স্বার্থে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের বিকল্প নেই–মাসুদ অরুন

By মেহেরপুর নিউজ

November 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ নভেম্বর: মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেছেন, দেশ ও মানুষ বাঁচানোর স্বার্থে চলমান দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের কোন বিকল্প নেই।

তিনি আরোও বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনস্বার্থ রক্ষায় ব্যর্থ সরকারের জবাব দেয়া হবে। আজ শুক্রবার বিকেলে দুর্নীতি,দুঃশাসন এর বিরুদ্ধে ও নির্দলীয় সরকারের দাবী আদায়ের লক্ষে জনসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেহেরপুর সদর উপজেলার রাইপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক এমপি মাসুদ অরুন। সভাপতিত্ব করেন আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি জান মোহাম্মদ মাস্টার। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সেক্রেটারী সাইফুল ইসলাম,জেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম, কৃষি বিষয়ক সম্পাদক খালেকুজ্জামান মজনু মেম্বার, আমদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা,বিএনপি নেতা আমদহ ইউপি সদস্য মেহেদী হাসান, প্রভাষক রকিবুল ইসলাম রিপন প্রমুখ। সাবেক এমপি মাসুদ অরুন নেতাকর্মীদের উদ্দ্যোশে বলেন,দূর্ণীতিবাজদের কবল থেকে দেশকে ও দেশের মানুষকে বাঁচাতে হবে। আর একটিই মাত্র পথ আগামীতে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা। এজন্য সকলকে এক সাথে কাজ শুরু করতে হবে। তিনি বলেন,দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাবেক এমপি আরোও বলেন,তত্বাবধায়ক সরকারের দাবী মেনে তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সমাবেশ শেষে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে এক বিশাল গণমিছিল গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।