মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস–এর উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর বালিকা ক্রিকেটে গাংনী উপজেলা একাদশ জেলা পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে গাংনী উপজেলা একাদশ ২৫ রানে মুজিবনগর উপজেলা একাদশকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে গাংনী উপজেলা একাদশ ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান আসে অতিরিক্ত থেকে, আর জুমিয়ারা করেন ১৩ রান। মুজিবনগরের রুকাইয়া ও সালমা একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মুজিবনগর উপজেলা একাদশ গাংনীর হুজাইফার দুর্দান্ত বোলিংয়ের মুখে ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান করতে সক্ষম হয়। দলের হয়ে ব্যাটসম্যানদের ব্যাট থেকে আসে মাত্র ২ রান, অতিরিক্ত যোগ হয় ২৪ রান।
গাংনী উপজেলা একাদশের হুজাইফা ২ ওভার বল করে ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেন।