মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর বালিকা ফুটবল প্রতিযোগিতায় মুজিবনগর উপজেলা একাদশ প্রথম দল হিসেবে জেলা পর্যায়ের ফাইনালে উঠেছে।
সোমবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মুজিবনগর উপজেলা একাদশ একচেটিয়া প্রাধান্য বিস্তার করে ৫-০ গোলে গাংনী উপজেলাকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধেই মুজিবনগর ২-০ গোলে এগিয়ে যায়। ৭ মিনিটে লামিয়ার গোলে দল এগিয়ে যায়। এরপর ২০ মিনিটে লামিয়া আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে মুজিবনগরের আক্রমণ অব্যাহত থাকে। ৭ মিনিটে উম্মে হানি তৃতীয় গোল করেন। এরপর ৯ ও ১৮ মিনিটে সালমা পরপর দুই গোল করে দলকে ৫-০ ব্যবধানে বড় জয় এনে দেন।