বর্তমান পরিপ্রেক্ষিত

নাইজেরিয়া ও ঘানার ফুটবলারদের মিলন মেলায় ফতেপুর ফাইনালে

By মেহেরপুর নিউজ

August 26, 2022

মেহেরপুর নিউজ :

নাইজেরিয়া ও ঘানার ফুটবলারদের মিলন মেলায় প্রথম দল হিসেবে ফতেপুর একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর মাঠে অনুষ্ঠিত গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় ফতেপুর একাদশী টাইব্রেকারে ৫-৪ গোলে ঝাউবাড়িয়া- নওদাপাড়া একাদশকে পরাজিত করে যোগ্য দল হিসেবে ফাইনালে জায়গা করে নেই ফতেপুর একাদশ।

শুক্রবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক দুপুরের পর থেকেই টিকিট কেটে মাঠে প্রবেশ করতে শুরু করেন। খেলা শুরু হওয়ার অনেক আগেই পুরো মাঠ কানায় কানায় ভরে যায়। শেষমেষ দর্শকেরা মাঠে জায়গা না পেয়ে গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল ভবনের ছাদ, আশ্রয় কেন্দ্রসহ মাঠের চারপাশে গাছের উপরে বসে খেলা দেখেন।

খেলা শুরু হওয়ার পর অবশ্য মানুষের ভারে একটি মোটা লিচু গাছের ডাল ভেঙ্গে পড়ে। ফতেপুর এর পক্ষে ৫ জন এবং ঝাউবাড়িয়া-নওদাপাড়া একাদশের পক্ষে ৭জন নাইজেরিয়ান ও ঘানার খেলোয়াড় অংশগ্রহণ করেন। পরিপূর্ণ দর্শক মাঠে খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের স্নায়ুচাপে ভুগতে দেখা গেছে। প্রথম এবং দ্বিতীয়ার্ধে ঝাউবাড়িয়া-নওদাপাড়ার ভিক্টোরি এবং ওসমানের কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। নির্ধারিত সময়ে কোনো পক্ষই কোন গোল করতে না পারায় খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়াই। টাইব্রেকারে ফতেপুর একাদশ ৫-৪ গোলে জয়লাভ করে।ফতেপুর এর পক্ষে প্রথম ৫ টি কিক থেকে ৪ টি গোল আদায় করে। এতে কামারা, মজি, তুহিন, এবং রাব্বি গোল করলেও রিজনের কিক গোলবারের বাইরে দিয়ে চলে যায়। অপরদিকে ঝাউবাড়িয়া-নওদাপাড়া একাদশের পক্ষে প্রথম ৫টি কিকের মধ্যে ৪ টি গোল হয়। এতে লিওকোন, এমেকা, ডিমাকো এবং রানা গোল করে খেলায় সমতা ফেরান। দলের অ্যাডভান্সের কিক ফতেপুর এর গোলরক্ষক জিয়া আটকে দেন। ফতেপুর এর পক্ষে ষষ্ঠ কিক থেকে গোল করেন কবীর।

উত্তেজনায় কাঁপতে থাকা ঝাউবারিয়া-নওদাপাড়ার ভিক্টরির নেওয়া কিক গোলবারের বাইরে দিয়ে চলে গেলে ফাইনালে ওঠার আনন্দে উল্লাসে ফেটে পড়ে ফতেপুরের একাদশের হাজারও সমর্থক। খেলায় নির্ধারিত সময় দুটি এবং স্পর্ট কিকের একটি শর্ট আটকে দেওয়াই ফতেপুর একাদশের গোলরক্ষক জিয়া ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। সজীব স্পোর্টস এর পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন রমে এবং জাহাঙ্গীর হোসেন।

বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার বিতরণ করেন। এসময় আলী রেজা বিছু,গোভিপুর ভৈরব ক্লাবের সহ-সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক পলাশ, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রশিদ, বজলুর রহমান, কোয়েল, জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।