আইন-আদালত

নারী ও শিশু নির্যাতন মামলায় মুজা কবিরাজের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

By Meherpur News

February 03, 2026

মেহেরপুর নিউজ:

স্বামীর চিকিৎসা করাতে গিয়ে জোরপূর্বক ধর্ষণের মামলায় মুজা সেখ ওরফে মুজা কবিরাজ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুজা কবিরাজ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের হযরত আলী শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৮ মার্চ দুপুরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বুইচিতলা মাঝপাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী মারুফা খাতুন তার সদ্য বিবাহিত স্বামীর শারীরিক সমস্যার চিকিৎসার জন্য তাকে নিয়ে পিরোজপুর গ্রামের মুজা কবিরাজের কাছে যান। ওই সময় মুজা কবিরাজ মারুফা ও তার স্বামীকে নিজ ঘরে নিয়ে যান এবং কৌশলে শুকুর আলীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করেন। এরপর মারুফা খাতুনের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন।

পরবর্তীতে মারুফা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে বাইরে অপেক্ষমান লোকজনকে বিষয়টি জানালে স্থানীয়রা মুজা কবিরাজকে গণধোলাই দেন। খবর পেয়ে পিরোজপুর আইসি ক্যাম্পের পুলিশ সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় মারুফা খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৪। মামলাটি তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়। আদালতে মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন।

সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মুজা কবিরাজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমান তুহিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল।