বর্তমান পরিপ্রেক্ষিত

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মেহেরপুরে একযোগে মোবাইল কোর্ট অভিযান

By Meherpur News

February 04, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন উপজেলায় একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের তেরাইল, নিশিপুর, রামনগর, বালিয়াঘাট ও দেবীপুরসহ কয়েকটি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৭(ঙ) ও ১৩(গ) বিধি ভঙ্গের দায়ে ২টি মামলায় ২ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোও পরিদর্শন করা হয়।

এছাড়া উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকার নেতৃত্বে সদর উপজেলার আমদহ ও বুড়িপোতা ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা পরিলক্ষিত হয়নি। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমদহ ইউনিয়নের ১০টি ও বুড়িপোতা ইউনিয়নের ৩টি ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।

অন্যদিকে উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাবিদ হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা, সহড়াতলা, কল্যাণপুর ও করমদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আচরণবিধির কোনো ব্যত্যয় পাওয়া যায়নি। ভোটকেন্দ্র পরিদর্শনকালে বৈদ্যুতিক ওয়্যারিং, সিসি ক্যামেরা স্থাপনসহ কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়।

এদিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের নেতৃত্বে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, কাঁঠালপোতা, সোনাপুর ও বলিয়ারপুর গ্রামে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৩(গ) বিধি লঙ্ঘনের অভিযোগে একজন রাজনৈতিক কর্মীকে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ৮টি ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।

এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আকতারের নেতৃত্বে মেহেরপুর পৌরসভার নতুনপাড়া, সেখপাড়া, থানাপাড়া, ঘাটপাড়া, ফৌজদারিপাড়া, কাঁসারীপাড়া, বোষপাড়া ও বড় বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। মহোদয়ের নির্দেশনা অনুযায়ী ৪টি ভোটকেন্দ্রও পরিদর্শন করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।