বর্তমান পরিপ্রেক্ষিত

নীরবে কেটে গেল দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব শাহ আলমের ৩৬তম মৃত্যুবার্ষিকী

By Meherpur News

May 29, 2026

মেহেরপুর নিউজঃ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, দক্ষিণ এশিয়ার সাবেক দ্রুততম মানব মরহুম শাহ আলমের আজ ৩৬তম মৃত্যুবার্ষিকী। অথচ দিনটি কেটে গেল অনেকটাই নীরবে, কোনো রাষ্ট্রীয় আয়োজন কিংবা বড় পরিসরের স্মরণ ছাড়াই।

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের সন্তান শাহ আলম ছিলেন দেশের অ্যাথলেটিক্স ইতিহাসের এক গর্বিত নাম। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসে ভারতের আদিল সুমনওয়ালার ১০.৯০ সেকেন্ডের রেকর্ড ভেঙে ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবের খেতাব অর্জন করেন তিনি। এরপর ১৯৮৭ সালে কলকাতা সাফ গেমসে নিজের সেই রেকর্ডও ভেঙে ১০.৭৯ সেকেন্ড সময় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতে নেন ১০০ মিটার স্প্রিন্টের সোনা।

এর আগে ১৯৮৪ সালে কাঠমান্ডু সাফ গেমসে ৪×১০০ মিটার রিলেতে দলীয় সোনা জিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অ্যাথলেটিক্সকে পরিচিত করে তুলেছিলেন শাহ আলম। তাঁর সাফল্যে গর্বিত হয়েছিল গোটা বাংলাদেশ।

কিন্তু মাত্র ২৮ বছর বয়সেই থেমে যায় সম্ভাবনাময় এ ক্রীড়াবিদের জীবন। ১৯৯০ সালের ২৯ মে গ্রামের বাড়ি সাহেবনগর থেকে মোটরসাইকেলে ঢাকায় ফেরার পথে পাবনার দাড়িয়াপুর এলাকায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। সে সময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন শাহ আলম। ১৯৯০ বেইজিং এশিয়ান গেমসকে সামনে রেখে নতুনভাবে প্রস্তুতি শুরু করার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তাঁর মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল দেশের ক্রীড়াঙ্গন।

আজও বাংলাদেশের অ্যাথলেটিক্সে শাহ আলম এক অনুপ্রেরণার নাম। দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।