মেহেরপুর নিউজঃ মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির পিরোজপুর–বারাদী ইউনিয়নের সীমানায় অবস্থিত ‘জিয়া খাল’ পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে খালটি পরিদর্শন করেন।
জানা যায়, দামুড়হুদা উপজেলার দলকার বিল এবং মেহেরপুর অংশের কাজলা নদীর মধ্যে সংযোগ স্থাপনকারী প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ এই খালের মধ্যে ১.১ কিলোমিটার অংশ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খননের জন্য নির্ধারণ করা হয়েছে। মেহেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খুব শিগগিরই এ খননকাজ শুরু করা হবে। খালটি খনন সম্পন্ন হলে আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসন, শুকনো মৌসুমে পানি সংরক্ষণ, ফসলের আবাদ বৃদ্ধি এবং দেশীয় মাছের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া খালের পাড়ে প্রস্তাবিত বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব কমাতে সহায়ক হবে।
উল্লেখ্য, জেলার মোট ৬০টি নদী ও খালের তথ্য খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।