বর্তমান পরিপ্রেক্ষিত

প্রতিপক্ষের হামলায় জখম মামলায় ১ জনের কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

October 01, 2023

মেহেরপুর নিউজ:

ভাঙচুর ও লুটপাট কাজে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হওয়া মামলায় আবুল কাশেম লিটন নামের এক জনের ১ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরো ১ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

রবিবার বিকালের দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ তরিকুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত অাসামী আবুল কাশেম লিটন মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মেহেরপুর শহরের ঘোষপাড়ার আনোয়ার হোসেনের ছেলে তৌফিক ইলাহী রানা ২০২১ সালের ৫ ডিসেম্বর মেহেরপুর সদর উপজেলা রাজাপুর গ্রামে তাদের জমিতে পরি বাংলা ভূতের বাড়ি নামক একটি মিনি পার্ক স্থাপন করেন। ২০২২ সালের ১২ জানুয়ারি আবুল কাশেম লিটনের নেতৃত্বে পার্কে হামলা চালিয়ে বিভিন্ন সরঞ্জামাদি ভাঙচুর করে। এবং সেখান লাগানো বিভিন্ন ধরনের গাছ কেটে নিয়ে যায়। খবর পেয়ে রানা সহ তার মা আশরাফুল নেছা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দিতে গেলে রানা ও তার মা আশরাফুল নেছার উপর হামলা চালায়। এ সময় তাদেরকে মারধর করলে তারা গুরুতর জখম হন।

ওই ঘটনায় তৌফিক এলাহি রানা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধারা ১৪৭/ ৪৪৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/৩৫৪/৪২৭/৩৭৯/৫০৬ পেনাল কোড একটি মামলা দায়ের করেন। যার সি আর নং ৩৮/২০২২। মামলায় আবুল কাশেম লিটন সহ কামাল হোসেন, আব্দুল্লাহ আল মাসুম, সাজিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেনকে আসামি করা হয়। মামলায় মোট ৩ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আবুল কাশেম লিটন ৩২৩ ধারা দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরো ১ মাসের কারাদন্ডাদেশ দেন।

মামলার অপর আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকুসুর খালাস দেন। মামলায় বাদী পক্ষে এডভোকেট রোকেয়া খাতুন। এবং আসামী পক্ষে অ্যাডভোকেট আরিফুজ্জামান কৌশলী ছিলেন।