মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন বলেছেন, মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মানুষজন যখন আমার কাছে যেত অসহায়ের মত তাদের দেখে আমার খুব মায়া হতো। আমার করার কিছুই থাকত না। যদি সম্ভব হতো নিজের অর্থ দিয়ে আমি রাস্তা সমাধান করতে পারতাম, কিন্তু যেহেতু রাস্তার কাজ অনেক টাকার প্রয়োজন। সরকারি অর্থ ছাড়া এটা সম্ভব নয়।
তিনি বলেন, অবহেলিতের জনপদের উন্নয়নের জন্য আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি। রিটন বলেন, আমি দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার পর আমি সফল হয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুতি জানাতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই আকুতি, কান্নার কথা শুনেছেন। এবং মেহেরপুরের উন্নয়নের জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন। পৌরমেয়র মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহেরপুর পৌরসভার জন্য মেগা প্রজেক্ট দিয়েছেন। সেই মেগা প্রজেক্টের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন রবিবার বিকালের দিকে মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন কালে এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন আরো বলেন, দীর্ঘদিনের অবহেলিত এই সড়ক ও ড্রেনের কাজ হবে অনেক উন্নতমানের।যে ড্রেনটি শত বছরের নষ্ট হবে না।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলার, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা কামাল রুনু , অ্যাডভোকেট আব্দুল জব্বার, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ। পরে পৌর মেয়র মাটিতে কোপ দিয়ে মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।