মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা বিভাগে বর্তমান জেলা চ্যাম্পিয়ন সদর উপজেলার শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় আবারও চ্যাম্পিয়ন হয়েছে। এ জয়ের মাধ্যমে দলটি বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে সুরভীর করা গোলে এগিয়ে যায় শোলমারী। দ্বিতীয়ার্ধে সামিয়া আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। খেলায় বিজয়ী দলের সুরভী সেরা খেলোয়াড় এবং গোলরক্ষক ঐশি সেরা গোলরক্ষক নির্বাচিত হন।