বর্তমান পরিপ্রেক্ষিত

প্রাথমিক শিক্ষা পদক কুইজে যমজ ভাই-বোনের সাফল্য, অর্জন ১২টি পুরস্কার

By Meherpur News

May 18, 2026

মেহেরপুর নিউজ:

ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে যমজ ভাই-বোন ফাহমিদ হাবিব ও আমিতিশ নেহা। তারা মোট ১২টি পুরস্কার অর্জন করে এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

তারা দুজনই শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমানের সন্তান। ফাহমিদ হাবিব শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং আমিতিশ নেহা শালিকা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

প্রতিযোগিতায় আমিতিশ নেহা বিষয়ভিত্তিক কুইজ বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এছাড়া ইংরেজি ও গল্প বলা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে।

অন্যদিকে ফাহমিদ হাবিব বিষয়ভিত্তিক কুইজ বাংলা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এছাড়া গণিত, সাধারণ জ্ঞান ও গল্প বলা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে।

সবমিলিয়ে যমজ এই ভাই-বোন ৭টি ইভেন্টে প্রথম এবং ৫টি ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে মোট ১২টি পুরস্কার লাভ করে। তাদের এ সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

অভিভাবক ও শিক্ষকেরা জানান, ছোটবেলা থেকেই তারা লেখাপড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেধার পরিচয় দিয়ে আসছে। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।