মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ ডিসেম্বর: প্রেমের বিয়ে মেনে না নেয়ায় আত্মহত্যা করে নিজের জীবন উৎসর্গ করলো এক প্রেমিকা। মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের আনারুলের মেয়ে তমালিকা (১৭) সোমবার দিবাগত মধ্য রাতে বিষপান করে আত্নহত্যা করে। জানা গেছে, কিশোরী তমালিকা একই গ্রামের সদর আলীর ছেলে লালনের সাথে ভালবাসার সম্পর্ক গড়ে তোলে। মাসখানেক আগে তারা দুজনে পালিয়ে বিয়েও করে। এ ঘটনায় তমালিকার বাবা ক্ষিপ্ত হয়ে নিজে বাদি হয়ে লালনের বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের দু’জনকে আটক করে থানা হাজতে রাখার পর তমালিকা নাবালিকা থাকার কারনে আদালতের মাধ্যমে মেয়েকে তার বাবা-মায়ের হাতে তুলে দেন। এরপরও তমালিকা তার স্বামী লালনের কাছে যাবার জন্য প্রায় পরিবারকে চাপ দিতে থাকে।
অবশেষে গতকাল সোমবার রাতে লালন তাকে নিতে আসলে তমালিকা স্বেচ্ছায় লালনের সাথে যাওয়ার চেষ্টা করে। তখন তমালিকার বাবা-মা মেয়েকে আটকিয়ে ঘরের মধ্যে তালা বদ্ধ করে রাখে। পরে সে অভিমানে ঘরে থাকা বিষ পান করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় ইউডি মামলর প্রস্তুতি চলছে।