তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তর প্রতিবাদে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। রোববার রাতে উপজেলার ইকুড়ি বাথানপাড়া পূর্বপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা হলো: ঘটনায় ফজলুল হকের ছেলে মেয়ের চাচা শরিফুল ইসলাম (৩০),ভাই ওষুধ ব্যবসায়ী রাজন (২৫) ছেলে পক্ষের আজিজুল হকের ছেলে সানোয়ার হোসেন (২৫) ও আনারুল ইসলামের স্ত্রী সাফিয়া খাতুন(৩৫) মারাত্বকভাবে আহত হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত শরিফুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘটনাসূত্রে জানা গেছে, উপজেলার ইকুড়ি গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রীকে পার্শ্ববতী বাথানপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে অটো চালক জাকিরুল ইসলাম (২২) স্কুলে যাওয়ার পথে প্রতিনিয়তই উত্ত্যক্ত করে আসছিল।এই বখাটের বিরুদ্ধে ছাত্রী চাচা শরিফুল ইসলাম বখাটে জাকিরুল কে নিষেধ করলে একপর্যায়ে জাকিরুল ও তার পরিবারের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ ও বাকবিতণ্ডা শুরু করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়।
এক ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি এজাহার দায়ের করেন। গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে।
আটককৃতরা হলো: শামসুল হকের ছেলে ইয়ারুল ইসলাম ও তার সহোদর ভাই মিয়ারুল ইসলাম। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, সংঘর্ষের অভিযোগ পেয়েছি। অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।