আইন-আদালত

ফেন্সিডিল রাখার অপরাধে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

By Meherpur News

June 21, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার শহড়াতলা গ্রামের মিনারুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল রাখার অভিযোগে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রবিবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিনারুল ইসলাম শহড়াতলা গ্রামের উজির আলীর ছেলে।

একই মামলায় অভিযুক্ত আলমগীর হোসেন, রজব আলী ও জোহা আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি তেঁতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির সদস্যরা রিফুজিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে মিনারুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় গাংনী থানায় মামলা দায়ের করা হয়। মামলার নম্বর-২৪, জিআর কেস নম্বর-২৪/২০২৫।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মিনারুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম মামলা পরিচালনা করেন। মিনারুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট এহান উদ্দীন মনা এবং অপর আসামিদের পক্ষে অ্যাডভোকেট আসাদুল আজম খোকন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন।