মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুলাই: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত অন্য খেলায় ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় শালিকার সবুজ ও ঝাউবাড়িার শ্যামা শ্রেষ্ঠ খেলোয়াড় এবং রামদাসপুরের শ্যামলী ও শালিকার সুমন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে।
খেলা শেষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মামনুর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দি চিলড্রেনের ব্যবস্থাপক ফারুক হোসেন। বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক।