মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে নিহত খাজা শেখের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে বলিয়ারপুর গ্রামে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর নিহত খাজা শেখের পরিবারের হাতে ১৫ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে খাজা শেখ বাড়ির পাশের একটি মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে তিনি মাঠের পাশে একটি বাঁশঝাড়ের নিচে আশ্রয় নেন। মুষলধারে বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই সন্তানের জনক খাজা শেখকে সেদিন বাদ মাগরিব দাফন করা হয়।