বর্তমান পরিপ্রেক্ষিত

বর্ণিল আয়োজনে মেহেরপুরে বৈশাখী মেলার উদ্বোধন

By Meherpur News

April 14, 2026

মেহেরপুর নিউজ:

শুভ নববর্ষের আনন্দঘন আবহে মেহেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায় বেলুন উড়িয়ে বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় নববর্ষের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন, যেখানে বাঙালির চিরন্তন ঐতিহ্য ও লোকসংস্কৃতির নানা উপাদান স্থান পায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানের প্রতিনিধি আল আমিন ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা।

মেলায় মোট ২৫টি স্টল স্থান পেয়েছে, যেখানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও লোকজ সংস্কৃতির বিভিন্ন উপকরণ প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। মেলাকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তুলেছে।