বর্তমান পরিপ্রেক্ষিত

বাবার বাড়ি যাওয়া হলােনা বৃদ্ধা সফেদার

By মেহেরপুর নিউজ

August 14, 2022

 সাহাজুল সাজু :

বিয়ের প্রায়ই ৪৬ বছর হলেও স্বামী-সন্তান আর সংসার জীবনের নানা ব্যস্তায় বাবার বাড়িতে তেমন বেশি বেড়ানাে ঘটেনি সফেদার। স্ব-শরীরে জন্ম ভিটায় যেতে না পারলেও মন পড়ে থাকে সফেদার জন্ম ভিটার দিকে। কয়েকদিন ধরে বাবার ভিটায় বেড়াতে যাওয়ার জন্য তার মনটা ছটফট করছিল। তাই,প্রিয় জন্ম ভিটায় বেড়াতে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিলেন সফেদা। তার ইচ্ছের প্রতি গুরুত্বও দিয়েছিলেন স্বামী আব্দুর রহমান।

অবশেষে আজ রবিবার সকালে বাবার বাড়িতে নিজের সাধ্যমত মিষ্টিসহ হরেক রকম খাদ্য নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্য বের হন। কিন্তু নিয়তির খেলার কাছে হার মেনে দ্রুতগতির একটি মােটরসাইকেলের ধাক্কায় প্রাণ দিতে হলাে বৃদ্ধা সফেদাকে। ২ ছেলে ১ কন্যা সন্তানের জননী সফেদা (৬০) মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গােপালনগর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী। আজ রবিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সফেদা রবিবার সকালের দিকে বাবার বাড়ি গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে গাংনী-হাটবোলিয়া সড়কের গোপালনগর বটতলা নামক স্থানে পৌঁছান। এ সময় সড়ক পার হতে গেলে, দ্রুতগামি একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় মোটরসাইকেল চালক ও সফেদা আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় সফেদার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়,সফেদার বড় ছেলে প্রবাসে রয়েছেন। ছােট ছেলে স্থানীয় একটি স্কুলের স্টাফ। এবং ছােট মেয়ে বিয়ে হয়ে এখন শ্বশুর বাড়িতে। সফেদার সংসার জীবন বেশ ভালাে চলছিল।

এদিকে,সফেদার মৃত্যুতে পরিবার,আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীদের মধ্যে চলছে শােকের মাতম। মায়ের মৃত্যুর খবর শুনে প্রবাসী ছেলের কান্না যেনাে থামছেনা।