মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মূল্য তালিকা না থাকায় দুটি মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে গাংনী উপজেলার বামুন্দী বাজারে এ অভিযান পরিচালিত হয়। জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, বামুন্দী বাজারে ফিলিং স্টেশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মিষ্টান্ন ভাণ্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মূল্য তালিকা না থাকায় হায়বাত মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা এবং মাসুম মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।