বর্তমান পরিপ্রেক্ষিত

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মুজিবনগরে চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

By Meherpur News

June 16, 2026

মেহেরপুর নিউজ:

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিডিপি মেহেরপুরের প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লভপুর ডিনারীর অঞ্চল প্রধান রেভা উজ্জ্বল বিশ্বাস, বি.ওয়াই.এফ.সি-এর প্রোগ্রাম ম্যানেজার জন অমৃত মন্ডল, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস এবং সিডিপির প্রোগ্রাম কর্মকর্তা আসিম রেমা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি এবং এটি শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। শিশুরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাই তাদের শ্রমে নয়, শিক্ষার আলোয় গড়ে তুলতে হবে। শিশুশ্রম বন্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ বিষয়ক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।