বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউনিয়নে প্রা: বি: গোল্ডকাপ: বালকে গোভীপুর, বালিকায় হরিরামপুর চ্যাম্পিয়ন

By Meherpur News

April 13, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা—দুই বিভাগেই প্রতিযোগিতা ছিল উত্তেজনাপূর্ণ। শেষ পর্যন্ত নিজেদের দক্ষতা ও দৃঢ়তায় চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় গোভীপুর ও হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকেলে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনাল খেলায় গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পুরো ম্যাচজুড়ে দুই দলের মধ্যে লড়াই ছিল সমানে সমান, তবে নির্ধারিত সময়ে একমাত্র গোলটিই ব্যবধান গড়ে দেয় এবং সেই গোলেই চ্যাম্পিয়ন হয় গোভীপুর।

একই মাঠে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফাইনালেও দেখা যায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রাজাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয় করে। ম্যাচের প্রতিটি মুহূর্তে দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য লড়াই চালিয়ে গেলেও শেষ হাসি হাসে হরিরামপুর।

বালক বিভাগে গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় তারা এখন সদর উপজেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।