বর্তমান পরিপ্রেক্ষিত

“ভুল চিকিৎসায় প্রাণ হারালো রাজিয়া”

By মেহেরপুর নিউজ

August 24, 2012

জুলফিকার আলী কানন/এম এ লিংকন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ আগস্ট: মেহেরপুরের গাংনীতে অবস্থিত তাহের ক্লিনিকে ভুল অপারেশনে রাজিয়া খাতুন নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে দাবী করে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন নিহতের স্বামী জাকির হোসেন।  প্রসূতি মায়ের নাম রাজিয়া খাতুন। তিনি গাংনী উপজেলার কশবা গ্রামের জাকারিয়া হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ‘তাহের ক্লিনিকে’ অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের পর শুক্রবার ভোর রাতেই ওই মায়ের মৃত্যু হয়। রাজিয়া খাতুনের স্বামী জাকারিয়া হোসেন মেহেরপুর নিউজকে অভিযোগ করে বলেন, “বৃহস্পতিবার রাত ১১টার দিকে অপারেশন করার পর নাড়ি সেলাই না করেই ডা. আবু তাহের আমার স্ত্রীর পেট সেলাই করেন। পরে পেটের ভেতর প্রচণ্ড রক্ত ক্ষরণ হলে মূমূর্ষ হয়ে পড়েন আমার স্ত্রী। এটা বোঝার পর ডাক্তার দ্বিতীয়বার তার পেটের সেলাই কেটে নাড়ি সেলাই করেন। এ সময় তাকে ২ ব্যাগ রক্ত দেওয়া হয়। কিন্তু এরপরই তার মৃত্যু হয়।” তিনি আরোও জানান, ডাক্তার অপারেশনের জন্য তাদের কাছ থেকে ৬ হাজার টাকা নেন । স্থানীয়রা জানান, তাহের ক্লিনিক-২ নামের ওই ক্লিনিকে কোনো প্রকার নিয়মনীতি ছাড়াই প্রতিনিয়ত ভুল অপারেশন করে একের পর এক রোগীর প্রাণহানির ঘটনা ঘটিয়ে চলেছে। এর আগেও এক প্রসূতি মায়ের পেটের মধ্যে অপারেশনের যন্ত্রপাতি রেখে পেট সেলাই করে ফেললে ওই রোগীর মৃত্যু হয়। এতে নিহতের স্বজনরা ওই ক্লিনিকের ব্যাপক ভাঙচুরও করে। প্রসূতি মায়ের মৃত্যু প্রসঙ্গে তাহের ক্লিনিকের মালিক ও অপারেমন পরিচালনাকারী ডা. আবু তাহের সিদ্দীক  বলেন, “রোগী হার্টফেল করে মারা গেছেন।” তাকে দ্বিতীয়বার সেলাই কেটে অপারেশন এবং দুই ব্যাগ রক্ত কেন দিতে হলো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা যা ইচ্ছে তাই লিখতে পারেন, তাতে আমার কিছুই হবে না। কারণ আমি স্বাচিপ নেতা।”