বর্তমান পরিপ্রেক্ষিত

মানবেতর জীবন যাপন করছেন গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ৯ আনসার সদস্য

By মেহেরপুর নিউজ

May 20, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০মে: সংযুক্তি হবার এক বছর পূর্ণ হলেও আজো বেতন মেলেনি গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ৯ আনসার সদস্যের। দির্ঘ দিন যাবত বেতন ও বোনাস না পাওয়ায় চরম মানবেতর জিবন যাপন করছেন তারা। বরাদ্দ না পাওয়ায় ৯ আনসারদের বেতন দেয়া হয়নি বলে জানিয়েছেন পরিবার পরিকল্পনা অফিস। তবে ঢাকা আনসার সদর দপ্তর জানায় বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। সুত্র জানিয়েছে, ২০১২ সালের জুন মাসে প্রহরী হিসেবে গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে ৯ জন আনসার সদস্যকে সংযুক্তি প্রদান করা হয়। সেই থেকে অদ্যাবদি তাদের কোন বোনাস ও বেতন প্রদান করা হয়নি। সংশ্লিষ্ট পরিবার পরিকল্পনা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বোনাস আসলেও ৯ আনসার সদস্যদের বেতন আসেনি বলে জানিয়েছেন সংশি­ষ্ট অফিস। আনসার সদস্য আবুল কালাম ও আবুল বাশার জানান, এক বছর আগে এখানে যোগদান করা হলেও আজো কোন বেতন পাননি। বিভিন্ন দোকানে বাকি করে জিনিস পত্র নেয়া হলেও তাদেরকে টাকা পয়সা না দেয়ায় আর কেউ বাকিতে মালামাল দিতে চাচ্ছেন না। পরিবার পরিজন নিয়ে মহা বিপদের মধ্যে রয়েছেন। সংশি­ষ্ট দপ্তর অর্থ বরাদ্দ নেই বলে জানিয়েছেন। এব্যাপারে পরিবার পরিকল্পনা অফিসের কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, আনসার সদস্যদের বেতন মন্ত্রণালয়ের বরাদ্দ প্রাপ্তি থেকে দেয়া হয়। কিন্তু বরাদ্দ না পাওয়ায় বেতন ও বোনাস দেয়া হয়নি। ঢাকা আনসার ও ভিডিপি সদর দপ্তরের অ্যাডজুটেন্ট (সার্কেল) মকবুল হোসেন মোবাইল ফোনে জানান, বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে কিন্তু আজো কোন জবাব মেলেনি।