বর্তমান পরিপ্রেক্ষিত

মামলার তদন্তভার অন্য কোনো সংস্থাকে দেয়ার আবেদন জানিয়ে বিপুলের পরিবারের সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

June 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন:

মেহেরপুর পৌরসভার কাউন্সিলর আবদুল্লাহ আর মামুন বিপুল হত্যার প্রকৃত রহস্য উন্মোচন করে আসামীদের শাস্তির দাবিতে আবারো সাংবাদিক সম্মেলন করেছে তার স্ত্রী বিলকিছ পারভীন। তিনি বিপুল হত্যা মামলার তদন্তভার অন্য কোনো সংস্থাকে দেয়ার আবেদন জানান সরকারের কাছে। আজ সকাল ১০ টার সময় মেহেরপুর রির্পোটার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিপুলের স্ত্রী  এ সংক্রান্ত একটি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্য তিনি জানান, বিপুল হত্যা মামলার আসামীরা গত ১২ ফেব্রুয়ারী ২০১৩ ইং তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারক কামরুল ইসলাম সিদ্দিকি এবং শেখ মো: জাকির হোসেনের দ্বৈত বেঞ্চে ৪ সপ্তাহের জন্য অন্তবর্তীকালীন জামিন পায়। উক্ত জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন উক্ত আদালত। কিন্তু তারা নিম্ম আদালতে হাজির না হয়ে তথ্য গোপন করে ০৪ এপ্রিল ২০১৩ ই্ং তারিখে বিচারপতি সালমা চৌধুরী এবং মো: জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ থেকে আবারো ১ মাসের আগাম জামিন নেই, যা অবৈধ বলে তিনি লিখিত বক্তব্য জানান।

তিনি আরো বলেন,একবার অন্তবর্তীকালীন জামিন পেলে দ্বিতীয় বার আর জামিন পাওয়া যায়না। এটা জানা সত্বেও আসামীরা প্রকাশ্যে তদন্তকারী কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সামনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন তাদের গ্রেফতার না করে উদাসীনতা প্রকাশ করছে।তিনি দাবি করেন, এই মামলার  মূল রহস্য উদঘাটনের জন্য সুনির্দিষ্ট  কিছু তথ্য সরবরাহ করার পরও প্রশাসন তথ্য উপাত্ত সংরক্ষন ও উদঘাটন না করে আসামীদের  যোগসাজসে মামলার আলামত নষ্ট করে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন,মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের উর্ধধতন কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি অসহায়ত্ব প্রকাশ করে বলেন-এখানে প্রভাবশালী মহল জড়িত থাকায় মামলার প্রতি পদক্ষেপ বাধাগ্রস্থ হচ্ছে যার ফলে আমাদের কিছু করার নাই। এমতাবস্থায় তিনি সরকারের কাছে দাবি জানান,অন্য কোনো সংস্থার মাধ্যমে তদন্ত করে হত্যার রহস্য উন্মোচিত করে দোষীদের শাস্তি দেয়া হউক।

সংবাদ সম্মেলনে নিহত বিপুলের মা শহিদা বেগম সহ বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রিনিক ওঅনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।