জাতীয় ও আন্তর্জাতিক

মামুনুলের বিদায়ি ম্যাচে ফর্টিসের জয়

By Enayet Akram

May 02, 2026

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ ও ফর্টিস এফসির ম্যাচ দিয়ে ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং দেশের ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার মামুনুল ইসলাম। মামুনুলের বিদায়কে জয় দিয়ে রাঙিয়েছে ফর্টিস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মামুনুলের বিদায়ি ম্যাচে ফর্টিস এফসি ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে রহমতগঞ্জকে। বাসস

আগের দিনই আবেগঘন বার্তায় পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন মামুনুল। বিদায়ি ম্যাচে শুরুতে থেকেই একাদশে ছিলেন তিনি। তার হাতে তুলে দেওয়া হয় ফর্টিস এফসি অধিনায়কের আর্মব্যান্ড।

বিদায়ি ম্যাচে মাত্র ২৪ মিনিট খেলেছেন ৩৭ বছর বয়সি মামুনুল। এরপর তাকে তুলে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় তাকে গার্ড অব অনার দেয় দুই দলের খেলোয়াড়রা।

পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয় মামুনুলকে। ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাহী সদস্যরা মামুনুলের হাতে ফুলের তোড়া ও বাফুফের ক্রেস্ট তুলে দেন।

২০০৫ সালে ব্রাদার্স ইউনিয়ন দিয়ে দেশের শীর্ষ ফুটবলে যাত্রা শুরু করেন মামুনুল। ২০০৮ সালে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় তার। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের হয়ে ৬৭টি ম্যাচ খেলে ৩ গোল করেছেন মামুনুল। ২০২০ সালে বুরুন্ডির বিপক্ষে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।