বর্তমান পরিপ্রেক্ষিত

মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে মুজিবনগরে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা

By Meherpur News

June 04, 2026

মেহেরপুর নিউজঃ বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর উদ্যোগে মুজিবনগরে মাসিক স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপি মেহেরপুরের ব্যবস্থাপক বিপুল রেমা। শুভেচ্ছা বক্তব্য দেন রেহেনা খাতুন (এইচভিএফ)।

এ সময় উপস্থিত ছিলেন জন অমৃত মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার, বিওয়াইএফসি, মুজিবনগর। তিনি মাসিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত সামাজিক ট্যাবু ও কুসংস্কার দূরীকরণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং কিশোরী ও নারীদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। মাসিক স্বাস্থ্যবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সিডিপির মেডিকেল অফিসার ডা. আসিফ হাসান। তিনি ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা, নিরাপদ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার, নিয়মিত প্যাড পরিবর্তন এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

স্বাস্থ্যবিষয়ক বিশেষ বক্তব্য দেন ডা. মহিবুল ইসলাম লিখন, মেডিকেল অফিসার, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তিনি নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোছা. আছিয়া খাতুন। পরে অংশগ্রহণকারী কিশোরীদের নিয়ে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ পরিচালনা করেন ডা. আসিফ হাসান।

প্রতিযোগিতায় আছিয়া প্রথম, বন্যা দ্বিতীয়, রিতা তৃতীয়, আইভি চতুর্থ এবং সুইটি পঞ্চম স্থান অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার দূরীকরণ এবং স্বাস্থ্যসম্মত আচরণ নিশ্চিত করার মাধ্যমে কিশোরী ও নারীদের সুস্থ ও নিরাপদ জীবন গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, নারী, অভিভাবক এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।