টপ নিউজ

মাস্ক ব্যবহারে অনীহা গ্রামের মানুষের!

By মেহেরপুর নিউজ

June 19, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহর এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষ কিছুটা সচেতন হলেও মেহেরপুরের গ্রামগুলোতে সচেতন হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

মেহেরপুর শহর এলাকায় মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ডিবি, ডিএসপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণা চালানোর কারণে মানুষজন কিছু না হলে অন্ততপক্ষে মাস্ক ব্যবহার করে রাস্তায় বের হচ্ছে। গত কয়েক’দিনে মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশের নজরদারির কারণে শহরে চলাচলকারি অধিকাংশ মানুষের মুখের মাস্ক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি এর বিপরীত চিত্র দেখা গেছে মেহেরপুরের বিভিন্ন গ্রাম অঞ্চলে।

করোনা থেকে নিজেকে রক্ষা করার জন্য সেই সময়ে সবাই মাস্ক ব্যবহার করতেন এবং সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেন। গ্রাম অঞ্চলের কেউ মাস্ক ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যেবোধ করছেন না। বিশেষ করে গ্রাম-অঞ্চলের সাধারণ খেঁটে খাওয়া মানুষগুলো মাস্ক ব্যবহার করতে তাদের চরম অনীহা রয়েছেন।

গত কয়দিন যাবত মেহেরপুরের গাংনীর বাজার, মেহেরপুর সদর উপজেলা আমঝুপি, বারাদি বাজার, মুজিবনগর উপজেলার মোনাখালী, দারিয়াপুর এবং কেদারগঞ্জ বাজার হাট ঘুরে দেখা গেছে করোনা ভাইরাস সম্পর্কে কারোরই কোনো ন্যূনতম ধারণা পর্যন্ত নেই।

বিশেষ করে হাট এবং বাজারে ক্রেতা-বিক্রেতা কারোর মধ্যে কোন সচেতনতা দেখা যায়নি।হাট-বাজারগুলো ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা তাদের পণ্য সাজিয়ে পাশাপাশি বসে বসে ব্যবসা করছেন, ক্রেতাসাধারণ গায়ে গা ঘেঁষে পণ্য সামগ্রী ক্রয় করছেন। কারো মুখে কোন মাস্ক এর ব্যবস্থা নেই।

গতবছর করোনার প্রথম ঢেউয়ে তৎকালীন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি এবং গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জীবনের ঝুঁকি নিয়ে মুজিবনগর এবং গাংনীর বিভিন্ন এলাকা চোষে বেড়িয়েছেন মানুষকে সচেতন করার লক্ষ্যে। তৎকালীন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ওসমান গনির একান্ত প্রচেষ্টায় ওই এলাকায় বেশ কিছু উদ্যমী তরুণদের নিয়ে বিভিন্ন গ্রামের হাটে সেফ বক্স করে পণ্য কেনাবেচা করার ব্যবস্থা করেছিলেন।

ওসমান গনির ওই ব্যবস্থা সারা দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হওয়ার পাশাপাশি মুজিবনগর উপজেলা করোনা পজিটিভ এর সংখ্যা খুবই কম ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা হলেও সত্যি যে করোনার দ্বিতীয় ঢেউয়ে শুধুমাত্র সচেতনতার মানুষের অভাবের কারণে মুজিবনগর এবং গাংনীতে যাচ্ছেতাই অবস্থা।

মেহেরপুর শহরে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম,জেলা প্রশাসনের সহকারি কমিশনার গন, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খান সহ মেহেরপুর ডিবি, ডিএসবি’র কর্মকর্তাগন জনসাধারণকে সচেতন করার জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার এসএম মুরাদ আলি সার্বক্ষণিক মনিটরিং করছেন। কিন্তু মুজিবনগর এবং গাংনীতে গত বছরের মতো প্রচারণা এখন পর্যন্ত চোখে পড়েনি। যে কারণে মুজিবনগর এবং গাংনীর বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে অনেকেই মত পোষণ করেছেন। একইসাথে মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেশি করে নজর দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।