বর্তমান পরিপ্রেক্ষিত

মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গেলে চলবে না, এর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে–সৈয়দ আশরাফুল ইসলাম ।। সুরঞ্জিত সেনের পদত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত— মাহবুবুল আলম হানিফ

By মেহেরপুর নিউজ

April 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ এপ্রিল: এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গেলে চলবে না, এর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর আম্রকাননে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী আব্দুল লতিফ সির্দ্দিকি। বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম,বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ, মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। তিনি আরও বলেন, ১৯৭১ এর ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী মুজিবনগর সরকার এ যাবৎকালের সব সরকারের মা। ওই সরকারের অধীনে ৯ মাসের মরণপণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের আদর্শ জাতির কাছে ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। একই জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের আমলেই শেষ হবে। তিনি সুরঞ্জিত সেন গুপ্তের রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে বলেছেন, সুরঞ্জিত সেনের পদত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে তিনি দুর্নীতি করেছেন কিনা তা তদন্ত ছাড়া বলা যাবে না। সুরঞ্জিত নিজেকে সৎ প্রমাণ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।