বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান, জরিমানা সাড়ে ৩৬ হাজার টাকা

By Meherpur News

March 02, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবসায়ীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতি. দা.) জনাব মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, সেমাই, কসমেটিকস ও হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৮ অনুযায়ী মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার কারণে কেদারগঞ্জ বাজার এলাকার আলিফ বস্তা ট্রেডার্স এন্ড চাউল ভান্ডারকে ৫০০ টাকা, কালাম স্টোরকে ৫০০ টাকা এবং জোয়ার্দ্দার স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া কসমেটিকস পণ্যে মূল্য উল্লেখ না থাকা এবং লাইসেন্স ব্যতীত গ্যাস বিক্রয় করার অপরাধে ধারা ৩৭ ও ৫২ অনুযায়ী তাসিন কসমেটিকস এন্ড গিফট কর্ণারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। খাদ্যে নিষিদ্ধ দ্রব্য (হাইড্রোজ) ব্যবহার করার দায়ে ধারা ৪২ অনুযায়ী মিজান হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সর্বমোট ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান ও সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রিয়াজ মাহমুদ এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।